সাভার পৌর এলাকায় আলম চৌধুরী নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দল।

শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার ইমান্দিপুর মহল্লার চৌধুরী ভিলায় এই ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির গৃহকর্তা জানান, রাত সাড়ে তিনটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত দোতলা বাড়ির বাড়ান্দার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় লুঙ্গি, শর্টপ্যান্ট ও মুখ বাধা ডাকতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীর চাবি ছিনিয়ে নেয়।

পরে তারা প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে ৩২ ভরি স্বর্ন, নগদ ১ লক্ষ টাকা ও ৩ টি মোবাইলফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে ডাকাতির কাজে বাধা দেয়ায় বাড়ির গৃহকর্তা বিদেশ ফেরত আলম চৌধুরী ও তার ছেলে আলম চৌধুরীকে পিটিয়ে আহত করেছে।

এ সময় তাদের চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে আসলে ডাকাত দল কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ