কুমিল্লা, চট্টগ্রাম ও গাজীপুরে কথিত বন্দুকযুদ্ধে এক রাতে তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ বলছে, তিনজনই মাদক ব্যবসায়ী।

বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাগুলো ঘটে।

কুমিল্লা: কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল নামে তালিকাভুক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় পুলিশের ২ সদস্য আহত হয়েছেন।

বুধবার গভীর রাতে জেলার সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রাসেল সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মো. মাঈন উদ্দিন খান।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ভূজপুর থানার কোঠবাড়িয়া গ্রামের শিকদারপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, গোপন খবর পেয়ে ভূজপুর থানার কোঠবাড়িয়া গ্রামের শিকদারপাড়া এলাকায় র‌্যাবের টহল দল অভিযান চালায়। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। র‌্যাবের দাবি, নিহত যুবক স্থানীয় সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


গাজীপুর: গাজীপুরের সালনায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুজন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবক অস্ত্র ও মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

এদিকে, মৃতদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সুজন মিয়া টঙ্গীর আরিচপুরের চাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার কামরুজ্জামান জানান, গাজীপুরের সালনা এলাকায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী জড়ো হয়ে অস্ত্র কেনা-বেঁচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে সুজন মিয়া গুলিবিদ্ধ হন এবং অপর সহযোগীরা পালিয়ে যান।

নিহত সুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১১টি মাদক, একটি অস্ত্র ও অপরটি হত্যা মামলা।

এএস