চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা করা হয়েছে।
শনিবার (৩০ জুলাই) ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত পুলিশের এসআই জহিরুল ইসলাম জানান, মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার পর একটি মামলা হয়েছে। অবহেলা জনিত হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। দণ্ডবিধির ৩৩৮ (ক)/৩০৪ (ক)/৪২৭ ধারায় মামলাটি করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীদের নিয়ে কোচিং সেন্টারের শিক্ষকরা মীরসরাইয়ে খৈয়াছড়া পানির ঝরনা দেখে ফেরার পথে খৈয়াছড়া রেল স্টেশনের কাছে লেভেল ক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসটির সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন মহানগর প্রভাতীর ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। আর ছয়জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় গেটম্যান সাদ্দাম হোসেনকে মীরসরাই রেলক্রসিং এলাকা থেকে আটক করে পুলিশ।
এমআর





