টাঙ্গাইলে অপহরণের দু'দিন পর দু'জনকে উদ্ধার করেছে র‌্যাব। সদর উপজেলার চাকতা গ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়। এসময় একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

উদ্ধাররা হলেন- সদর উপজেলার বাঘিল ইউনিয়নের চাকতা গ্রামের সোনিয়া আক্তার ও কবির হোসেন। গ্রেফতার মোস্তফার বাড়ি সদর উপজেলার বিল মুড়িল গ্রামে।

অস্ত্র, গুলি ও গ্রেফতার মোস্তফাকে বুধবার দুপুর ১টার দিকে সাংবাদিকদের সামনে হাজির করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ১৪ ডিসেম্বর দু'জনকে অপহরণ করার পর তাদের পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। বিষয়টি র‌্যাবকে জানানো হলে আমরা অনুসন্ধান চালিয়ে অপরাধীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। তারপর অভিযান চালাই।

তিনি জানান, অভিযানে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্য মোস্তফাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তলসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জেআই