দেশে করোনাভাইরাসে সোমবার (৬ এপ্রিল) থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। যাদের মধ্যে ২০ জনই ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের।
করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৫ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৭ জন। এ নিয়ে করোনা শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইনে বুলেটিনে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
করোনায় বাংলাদেশ পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত ৪১
মোট আক্রান্ত ১৬৪
চিকিৎসাধীন ৩২
মোট সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৩
হোম কোয়ারেন্টাইন ১২৬৫৯
আইসোলেশন ৮৪
মোট মৃত্যু ১৭
করোনাভাইরাসে বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। বিশ্বের অন্তত ১৩১টি দেশে চলছে লকডাউন। থেমে নেই মৃত্যুর মিছিল, প্রতি মুহুর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন। আর মারা গেছে ৭৪ হাজার ৬৯৭ জন।
সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ ও আমেরিকার। বেশিরভাগ মৃত্যু হয়েছে এ দুই মহাদেশে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনে প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থা সবচেয়ে খারাপ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রথম ছড়ায় প্রাণঘাতী এ ভাইরাস। দেশটিতে দ্বিতীয় দফায় তা ছড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
এএস





