নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের প্রতিবাদে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে একটি ড্রেজারে আগুন ধরিয়ে দিয়েছে।

রোববার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা জেলার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল ওই এলাকার একটি প্রভাবশালী মহল।

তবে এ ব্যাপারে প্রশাসনের ভূমিকা ছিল রহস্যজনক।

পরপর কয়েকবার স্থানীয় জনসাধারণ জেলা প্রশাসকসহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দিলেও বালু উত্তোলনকারীরা থেমে নেই।

অবশেষে আজ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে একটি ড্রেজারে আগুন ধরিয়ে দিলে বালু উত্তোলনকারীরা পিছু হটে তাদের সমস্ত ড্রেজার সরিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত। কোনো সমস্যা নেই।

বিষয়টি সম্পর্কে নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ধলেশ্বরী নদীতে এখন আর বালু কাটা হচ্ছে না। আমরা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দিয়েছি।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ