চাঁদার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারের অফিস দুই দফা ভাংচুর করেছে স্থানীয় একদল সন্ত্রাসী।

এ সময় কাজ বন্ধের হুমকি দিয়ে চাঁদাবাজের দল এক প্রকৌশলীসহ দুইজনকে তুলে নিয়ে গেলেও পরে তাদের ছেড়ে দেয়।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার মধ্যরাতে ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে রাজন নামের একজনকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, রাজনের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ওই রেলওয়ে ওভারপাস নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠান শিপু পিবিএলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় সন্ত্রাসী রাজন ও তার লোকজন তাদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল।

চাঁদা দিতে অস্বীকার করলে শুক্রবার দুপুরে রাজনের লোকজন সাইট অফিস ভাংচুর করে কাজ বন্ধ রাখতে বলে।

ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করা হলে ক্ষিপ্ত চাঁদাবাজরা বিকালে আবারও ওই অফিসে হামলা চালিয়ে এক প্রকৌশলীসহ দুইজনকে তুলে নিয়ে যায় বলে র‌্যাব কর্মকর্তা শাফায়াত জামিল ফাহিম জানান।

পরে ওই দুইজনকে চাঁদাবাজরা ছেড়ে দেয় বলে জানালেও তাদের নাম তিনি প্রকাশ করেননি। ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় শিপু পিবিএলের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে।


এমএনজে