সাতক্ষীরার আশাশুনিতে ডিপ টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে হাবিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার পশ্চিম বাকড়া ও পূর্ব বাকড়া গ্রামের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ পশ্চিম বাকড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে- সাজ্জাদ (৪২), কফিল উদ্দিন (৪৫), আব্দুল বারী (৩২), ইদ্রিস আলী ও জাহাঙ্গীরের নাম জানা গেছে। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, বাকড়া গ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপ টিউবওয়েলের বিল পরিশোধ করা নিয়ে দীর্ঘদিন ধরে ২ গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে শুক্রবার বিকাল ৪টার দিকে সালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই পানি নেয়াকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।

এ সময় ২ পক্ষ ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া করে। এতে ঘটনাস্থলেই হাবিবুল্লাহর মৃত্যু হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ