চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আপন চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম মেজবাহ উদ্দিন (২২) বলে জানা যায়।

রোববার রাতে এ ঘটনা ঘটেছে।

নিহত মেজবাহ বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের এলএলবি সম্মান চতুর্থ বর্ষের ছাত্র বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহান।

মেজবাহ লোহাগাড়া উপজেলার মো.জামাল উদ্দিনের ছেলে। আর হত্যাকারী মো.আরমান জামাল উদ্দিনের ভাই মো.লোকমানের ছেলে।

লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহান জানান, ঈদুল ফিতর উপলক্ষে মেজবাহ ও আরমানের জন্য তাদের ফুফু পাঞ্জাবী পাঠান। সেই পাঞ্জাবী পছন্দ করা নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য হয়। গত (রোববার) রাতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়।

‘এসময় আরমান মেজবাহ উদ্দিনের অন্ডকোষ চেপে ধরে। এতে গুরুতর আহত মেজবাহকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে আঘাতের অন্য কোন চিহ্ন পাওয়া যায়নি। ’ বলেন ওসি।

ওসি জানান, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরমানকে গ্রেপ্তার করেছে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এ ঘটনায় আরমানের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

এসএইচ