পার্বত্য অঞ্চল থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদে খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
বৃহস্পতিবার সকাল ৬টায় এই হরতাল শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এদিকে হরতালে সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়কেও কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট।
হরতালের সমর্থনে জেলার বিভিন্ন এলাকায় পিকেটিং করার খবর পাওয়া গেছে।
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীর ৪টি ব্রিগেড রেখে বাকি সব সেনা ক্যাম্প প্রত্যাহারের প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিবাদ ও পাহাড়ে চাঁদাবাজী, সন্ত্রাসী, অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে এই হরতালের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
এমবি





