নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে অবস্থান নেওয়া বহিরাগতদের কারণে সুষ্ঠু ভোট নিয়ে শংকা প্রকাশ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম।
তিনি বলেছেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীতে যে হারে বহিরাগত লোকজন প্রবেশ করছে তাতে করে সুষ্ঠ নির্বাচন নিয়ে আমরা শংকিত। ভোট পবিত্র আমানত। নগরবাসীর পবিত্র আমানত-ভোটাধিকার ছিনতাই করার কুমতলবে যারা বহিরাগতদের ভাড়া করে শহরে নিয়ে আসছেন, নগরবাসী তাদের ঘৃনাভরে প্রত্যাখান করবে। এ ধরনের অপচেস্টা জনতার প্রতিরোধের নস্যাৎ হয়ে যাবে।’
শনিবার বিকেলে নগরীর ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গনসংযোগকালে মনজুর আলম এসব কথা বলেন।
সাবেক মেয়র বলেন, ‘নির্বাচন কমিশন থেকে নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনও কোন ধরনের বলিষ্ট পদক্ষেপ গ্রহন করা হয়নি। কমিশন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে তাদের পূর্বের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন।’
তিনি বলেন, ‘গত পাঁচ বছরে নগরবাসীর সেবা করেছি বলেই আজ তারা আমাকে আন্তরিকতা দিয়ে গ্রহন করছে। মানুষ যাকে পছন্দ করে তিনিই নির্বাচিত হবেন। কোন ধরনের পেশী শক্তির প্রভাব খাটিয়ে লাভ হবেনা। যারা বিগত সময়ে মানুষের পাশে ছিলনা এখন তারা ভোটের রাজনীতি করছে। ভোটের সময় সমাজ সেবকের লেবাস পড়ে সাধারন নগরবাসীকে ধোকা দেয়া অপচেষ্টা করছে। তিনি বলেন এবার নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নে বাস্তবমুখী প্রকল্প গ্রহন করা হবে।’
বিএনপি সমর্থিত এ মেয়র প্রার্থী বন্দরটিলা আলী শাহ (রা.)’র মাজার জেয়ারতের মাধ্যমে শুরু করেন বিকেলের গনসংযোগ কর্মসুচী। এর পর তিনি বন্দরটিলা, নেভী গেইট, সিমেন্ট ক্রসিং, কাজির গলি, ষ্টীলমিল বাজার, আকমল আলী রোড, হাসপাতাল রোড, ইপিজেড এলাকায় গনসংযোগ করেন।
এসময় তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে বলেন, ‘নগরীতে সাধারন মানুষের মধ্যে গুজব ছড়িয়ে ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের পরিকল্পনা করছে সরকারী দল। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকাতে হবে।’
এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপেন দেওয়ান, দেব জ্যোতি চাকমা,সাজাই মার্মা,ধন পূর্ণ চাকমা, রূপায়ন চাকমা, অমিষ চাকমা, কপালেশ্বর খিসা, সুরেষ চাকমা, শ্যামল মার্মা, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা তারেকুল আলম, মো. নাসের, জিয়া উদ্দিন, শাহজাদা, শফিউল আলম, এমদাদ, মো. ফারুক, আলমগীর, সাজ্জাদ, এরশাদ, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে শনিবার সকালে নগরীর ২০ দেওয়ান বাজার ও ৩২ নং আন্দরকিল্লাহ ওয়ার্ডে খলিফা পট্টি এলাকায় গনসংযোগকালে মনজুর আলম আরো বলেন, নগরবাসী তাদের প্রকৃত প্রতিনিধি-খাদেম নির্বাচিত করার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। গত পাঁচ জানুয়ারীতে ভোট দিতে না পারার আক্ষেপ তারা এবার ঘুচাবে।
সদ্য সাবেক সফল এ মেয়র বলেন, কমলালেবুর পক্ষে গণজোয়ার দেখে সরকারী দলের লোকজনের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা কমলালেবু’র ব্যাপারে নানা ধরনের গুজব রটাচ্ছে। তিনি এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ২৮ এপ্রিল ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
মনজুর আলম শনিবার সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে নগরীর দেওয়ান বাজার দিদার মার্কেটের সামনে থেকে নির্বাচনী গনসংযোগ শুরু করেন। এর পর ঘাটফরহাদবেগ, খলিফা পট্টি, কোরবানীগঞ্জ, লামার বাজার, বউ বাজার, টেরী বাজার, মাজার রোড, জেল রোড, পাথরঘাটা এলাকায় গনসংযোগ করেন এবং এলাকবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি সামশুল আলম, মো. হারুন জামান, স্বপন, আলাউদ্দিন, মিলন, আবুল বশর, মদিনা বিএনপির সেক্রেটারী আলতাফ হোসেন, আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেআই





