রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ মসজিদের সামনে ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় গৃহবধূ আয়েশা আক্তার রিপা নিহতের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক ও ইন্সপেক্টর হেলাল উদ্দিনের সমন্বিত টিম সোমবার রাতে মিরপুর-৬ থেকে তাদেরকে আটক করেন।

আটকরা হলেন, মো. আবুল কালাম, মো. হেমায়েত হোসেন হিমু ও মো. আলমগীর হোসেন ওরফে রোটন।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকালে ব্যবহৃত মাইক্রোবাসসহ একটি ল্যাপটপ, ৪টি ভ্যানিটি ব্যাগ ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ২৮ অক্টোবর ভোর সাড়ে ছয়টার দিকে আয়েশা রিকশায় করে সোবহানবাগ মসজিদের সামনে দিয়ে লালমাটিয়ার দিকে যাচ্ছিলেন। চার থেকে পাঁচজন ছিনতাইকারী একটি মাইক্রোবাসে করে এসে ওই নারীর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়।

ব্যাগটি তার হাতে প্যাঁচানো থাকায় ছিনতাইকারীরা তা নিতে না পেরে ওই অবস্থায় তাকে হিঁচড়ে কিছু দূর নিয়ে যায়। একপর্যায়ে ব্যাগটি পেয়ে ছিনতাইকারীরা চলে যায়। স্থানীয়রা আয়েশাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জেইউ/ এআর