একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগের রমনা পার্কের পশ্চিম পাশের ‘অস্তাচল’ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে রমনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান।

নিহত দুউজন হলেন—ফরিদপুরের বোয়ালমারী থানার জয়পাশা গ্রামের সাহেব আলীর ছেলে মোশারফ হোসেন বিল্টু (৩৫) ও একই গ্রামের সালাম মীরের ছেলে আসাদ মীর (৪৫)।

মোশারফ হোসেন বিল্টু রাজধানীর গেন্ডারিয়ার কেবি রোডের ৯৭নং বাসায় এবং আসাদ মীর সুত্রাপুর বাজারে থাকতেন। তারা দুজনেই বার্নিশ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

আহতরা হলেন—রিজন (২৬), আসলাম (৩৩), অলিউল্লাহ (৫০), ইস্রাফিল হোসেন (৩৪) ও মো. আসলাম (৪৫)। আহতরা সবাই আশঙ্কামুক্ত।

নিহত ও আহত সকলেই ওই বাসের যাত্রী বলে জানান আনিসুর রহমান।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেএ