কিশোরগঞ্জ পৌর এলাকার পাঁচটি মণ্ডপে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মণ্ডপগুলো শহরের বত্রিশ এলাকায় অবস্থিত।
বুধবার রাতের কোনো এক সময় উক্ত এলাকার নতুন পল্লি সংঘ, অনির্বাণ সংঘ, বকুলতলা সংঘ, হীরা লাল পাল ও গোপাল রায়ের বাড়িতে অবস্থিত মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করতে গিয়ে এ ঘটনা সবার নজরে আসে।
কিশোরগঞ্জ শহরে এই প্রথম এমন ঘটনায় বিভিন্ন পূজামন্ডপসহ হিন্দুধর্মাম্বলীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে সকালে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, যতদ্রুত সম্ভব দুস্কৃতিকারীদের আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়।
এক বিবৃতিতে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। কিশোরগঞ্জে এ ধরনের ঘটনা এটাই প্রথম। এর ফলে এখানকার সনাতন ধর্মাবলম্বীরা আতংকিত হয়ে পড়েছেন।
প্রতিমা ভাঙচুরের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ট্রাষ্ট, কিশোরগঞ্জ শাখার সভাপতি গোপাল নন্দি জানিয়েছেন অবিলম্বে দুস্কৃতিকারীদের আটক করা না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





