মাগুরায় রফিকুল ইসলাম বিশ্বাস (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে মাগুরা সদরের পাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। রফিক ওই গ্রামের মৃত লাল বিশ্বাসের ছেলে।
নিহত রফিকুলের স্ত্রী হেনা বেগম জানান, রাত পৌনে ১টার দিকে রফিক এলাকার একটি চায়ের দোকান থেকে টিভি দেখে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বাগবাড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলেই দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটায়।
বাড়ির সামনে পৌঁছালে ৮-১০ জন অজ্ঞাত দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রফিকুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রাম্য দলাদলি ও পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে এলাকাবাসী জানায়।
মাগুরা সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে





