রেলের অগ্রিম টিকিট বিক্রি হবে ২০শে জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক এমপি।এছাড়া ২৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত বিক্রি হবে ফিরতি টিকিট। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন।
আজ রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রাজধানীর আবদুল গনি রোডে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী জানান, ২০ জুলাই বিক্রি হবে ২৪ জুলাইয়ের টিকিট, ২১ জুলাই ২৫ জুলাইয়ের, ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ জুলাই ২৭ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।
এছাড়া ২৭ জুলাই থেকে পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিক্রি হবে ফিরতি টিকিট। এদিন বিক্রি হবে ৩১ জুলাইয়ের টিকিট, ২৮ জুলাই ১ আগস্টের, ২৯ জুলাই ২ আগস্টের, ৩০ জুলাই ৩ আগস্টের এবং ৩১ জুলাই ৪ আগস্টের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কোটা অনুযায়ী রেলের কর্মকর্তা-কর্মচারী ও ভিআইপিদের জন্য ৫ শতাংশ কোটা বরাদ্দ থাকবে।
ঈদ উপলক্ষে রেলের গুরুত্বপূর্ণ সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। প্রয়োজনে বিশেষ কিছু কর্মচারীর ছুটি বাতিল করে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ঈদ-উল ফিতর উপলক্ষে ট্রেনের শিডিউল ঠিক রাখা হবে। এছাড়া ঢাকায় সেন্ট্রাল কন্ট্রোল রুম ছাড়াও চারটি ডিআরএম অফিসে কন্ট্রোল রুম বসানো হবে। সেখানে ভিজিল্যান্স টিম থাকবে। যারা সকল কাজ মনিটর করবে এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে।
মন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে আন্ত:নগর ট্রেনে বাড়তি ১৬৬ বগি যোগ করা হবে এবং পুরাতন ২০৫টি লোকোমটিভ ইঞ্জিন মেরামত করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রতিদিন ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় ১৮ হাজার টিকিট দেওয়া হবে। আগের ছাপানো টিকিটগুলো শেষ হলে কালোবাজারি রোধে টিকিটে যাত্রীর বয়স এবং নারী-পুরষ উল্লেখ থাকবে।
যাত্রীদের নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি, আরএনবি, জিআরপি নিয়োজিত থাকবে বলে মন্ত্রী জানান।
সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, রেলওয়ের মহাপরিচালক মো: তাফাজ্জল হক ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনী ও রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





