প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়ায় পারের অপেক্ষায় রয়েছে আট শতাধিক যানবাহন।
শুক্রবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাটে এসব যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
আটকা পড়া যানবাহনের মধ্যে রয়েছে- পাঁচ শতাধিক ট্রাক এবং তিন শতাধিক প্রাইভেটকার, বাস ও মাইক্রোবাস। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপারে বর্তমানে সাতটি রো রো (বড়), দু’টি কে-টাইপ (মাঝারি) এবং চারটি ইউটিলিটি (ছোট) ফেরি ব্যবহৃত হচ্ছে।
তিনটি ফেরি মেরামতের কাজ চলছে। ফেরিগুলো হলো- তিনটির মধ্যে রো রো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, কে-টাইপ কাবেরি এবং ইউটিলিটি ফেরি রজনীগন্ধা।
পাটুরিয়া ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিকভাবে নদী পার হতে সময় লাগতো ৪০ থেকে ৪৫ মিনিট, বর্তমানে সময় লাগছে ৯০ থেকে ১০০ মিনিট। এ কারণে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





