দুঃস্থদের (ভিজিএফ) ওজনে চাল কম দেয়ার অভিযোগে রাজশাহীর তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পৌরভবন থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লেখ্য, মেয়র মিজান উপজেলা যুবদলের সভাপতি।

তানোর থানার ওসি মির্জা আবদুস সালাম তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিজিএফ এর চাল ওজনে কম দেয়ার অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ পুলিশ নিয়ে পৌরভবনে যান। এ সময় ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পেয়ে মেয়রকে আটকের নির্দেশ দেন।

ইউএনও মামুনুর রশীদ বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার তানোর পৌরসভায় গরিব-দুঃস্থদের মাঝে কার্ডের মাধ্যমে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছিল।

তিনি বলেন, দুপুরের দিকে বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, ভিজিএফ এর চাল ওজনে কম দেয়া হচ্ছে। সরেজমিনে গিয়েও অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই মেয়রকে আটকের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়।

ইউএনও আরও বলেন, ওজনে কম দেয়ার অভিযোগে মেয়র মিজানের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমআর