টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের খোর্দোযোগিনী গ্রামে বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ফজল মিয়া (৫০) নিহত ও তার মেয়ে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের ছাত্রী রঞ্জনা (১৮) আহত হয়েছেন।
টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) বাহালুল খান বাহার জানান, বুধবার গভীর রাতে ৮-৯ জন সন্ত্রাসী কৃষক ফজল মিয়ার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ধারালো অস্ত্রে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে মেয়ে রঞ্জনার পায়ে গুলি লাগে।
রঞ্জনা টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় কেউ গ্রেফতার না হলেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এস আই। বৃহস্পতিবার দুপুরে ফজলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএইচ





