কোরাম সঙ্কটের কারণে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক নিয়ে আলোচনা করতে পারেনি জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।
সোমবার সংসদ ভবনে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১০ সদস্যের এই কমিটির সভাপতিসহ মাত্র দুজন উপস্থিত হয়েছিলেন।
কমিটির বৈঠকে তিন সদস্যের উপস্থিতিতে ‘কোরাম’ হয়। প্রয়োজন অনুযায়ী সদস্য উপস্থিত না থাকায় বৈঠকটি হয়নি।
কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী সাংবাদিকদের বলেন, “কী করব, অনেকক্ষণ অপেক্ষা করেও কোরাম হল না। তাই বৈঠক স্থগিত করতে হয়েছে।”
সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল বলে জানান তিনি।
কমিটির সদস্যদের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে শওকত আলী বলেন, “এভাবে সময় দিয়ে সদস্যরা আসবেন না, এটা ঠিক নয়।”
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সভাপতির বাইরে কমিটির সদস্য কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আব্দুর রউফ বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদীয় এই স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- মো. আব্দুল কুদ্দুস, মজিবুর রহমান ফকির, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, মো. হাবিবর রহমান, মো. নূরুল ইসলাম সুজন, আব্দুল ওদুদ ও নাভানা আক্তার।
সংসদের কর্মকর্তারা জানান, কমিটির বৈঠকের দিন ঠিক হওয়ার পর কমিটির সচিব প্রত্যেক সদস্যকে কমপক্ষে ১৫ দিন আগে বৈঠকের নোটিস পাঠান।
এএইচ





