লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা ও তার ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে।
আহতরা হলেন, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক রফিকুল আলম (৫৬) ও তার ছেলে কামরুল আলম শাহীন (২৪)। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গত শনিবার রফিকুল আলমের ছেলে শামছুল আলম সোহেল বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আহতরা চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীরা জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে (কড়িম উদ্দিন মোল্যা বাড়ি) জমি নিয়ে দীর্ঘদিন যাবত আবুল কাশেম বাচ্চুর সঙ্গে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল আলমের বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন সকালে রফিকুল আলম নিজবাড়ি থেকে বাহির হয়ে দোকানে যাচ্ছিলেন। এ সময় বাড়ির সামনে পৌঁছলে আবুল কাশেম বাচ্চু ও তার ছেলে সুমনসহ কয়েকজন রফিকুল আলমের ওপর হামলা চালায়। একপর্যায়ে রফিকুল আলমকে তারা কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে ছেলে কামরুল এগিয়ে আসলে তাকেও মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
মাহমুদ





