বরিশালে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে করোনায় ১১ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৭৯ জন।
রোববার (০৮ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে বরিশালে তিনজন, পটুয়াখালীতে তিনজন, ভোলায় চারজন ও পিরোজপুরে একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে।
একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯৬ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৪১ জন।
আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৭৭ জন নিয়ে মোট ১৫ হাজার ৭৮৩ জন, পটুয়াখালীতে নতুন ৭১ জন নিয়ে মোট ৫ হাজার ২১১ জন, ভোলায় নতুন ৯৬ জনসহ মোট ৪ হাজার ৯৪৭ জন, পিরোজপুরে নতুন ৫৭ জনসহ মোট ৪ হাজার ৭৪৪ জন, বরগুনায় নতুন ৬১ জনসহ মোট ৩ হাজার ৩১০ জন ও ঝালকাঠিতে নতুন ১৭ জন নিয়ে মোট ৪ হাজার ৩০১ জন রয়েছেন।
এমবি





