বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত করোনাভাইরাস আক্রান্ত হওয়ার অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ নেই বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. সাবরিনা ফ্লোরা।

আজ সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে কারো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি জানিয়ে অধ্যাপক ফ্লোরা বলেন, ‘বাংলাদেশ ঝুঁকিতে আছে, সবাইকে সতর্ক থাকতে হবে।’

আইইডিসিআর পরিচালক বলেন, ‘যেখান থেকে করোনাভাইরাস ছড়িয়েছে, চীনের সেই উহান প্রদেশ থেকে ফেরত আসা ৩১২ জন বাংলাদেশিকে হজ ক্যাম্পে কোয়ারান্টাইনে (চিকিৎসার জন্য পৃথকভাবে) রাখা হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি এবং আগামী রোববার তাদের ছেড়ে দেওয়া হবে।’

চীন ফেরত এবং জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রোগীর দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলেও জানান ডা. ফ্লোরা।

আইইডিসিআরের পরিচালক বলেন, ‘অনেক সময় যাচ্ছে, অনেক অর্থ খরচ হচ্ছে। বাংলাদেশ অনেক ঝুঁকির মধ্যে রয়েছে দেখে এসব করা হচ্ছে। তবে যদি বলেন, বাংলাদেশ কি অতিরিক্ত ঝুঁকির মধ্যে রয়েছে? না, তেমনটি নয়। বাংলাদেশের সঙ্গে চীনের যেমন যোগাযোগ আছে, পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সঙ্গেও যাতায়াত আছে, পরিবহন ব্যবস্থা আছে। সিঙ্গাপুরে প্রতিদিন আমাদের ফ্লাইট যায়। সেই দিকগুলো বিবেচনায় নিয়ে ঝুঁকি রয়েছে বলেই কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি।’

এমআর