মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক ইসলাম ধর্ম, মহানবী (সা.) এবং আলেমদের সম্পর্কে কটুক্তি করে ফেসবুকে লেখার জন্য চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া পুলিশ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে। ওই শিক্ষক বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ইসলাম ধর্ম, মহানবী (সা.) ও আলেমদের সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন কমলগঞ্জের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসেনজিৎ চন্দ্র মিলন। তার দেওয়া স্ট্যাটাস পড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত লাগে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। এলাকাবাসী ওই শিক্ষকের বিরুদ্ধে বিচারের দাবি তোলেন।
এক পর্যায়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির নির্দেশে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিষয়টির তদন্ত করে সত্যতা পায়। এ ঘটনায় প্রসেনজিৎ চন্দ্রের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ নেয়ামত উল্লাহ গতকাল বৃহস্পতিবার সকালে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রতিবেদন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট পাঠান। প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী প্রসেনজিৎ চন্দ্রকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা, ১৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





