ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ বলেছেন, "তারা পাণ্ডিত্য দেখান, নিজেদের পন্ডিত ভাবছেন, কিন্তু আমরাও কম না।

পুলিশের ফরমালিন সনাক্তকরণের কিট নিয়ে বিসিএসআইআর এর কর্মকর্তাদের বিরুপ মন্তব্যের বিষয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ নম্বর গোলচত্বরে ফরমালিনবিরোধী প্রচারণা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএমপি কমিশনার।

এর আগে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর গবেষকদের পক্ষ থেকে পুলিশের ফরমালিন পরীক্ষার কীট এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

বিসিএসআইআর কর্মকর্তাদের এমন মন্তব্যের কার্যত পুলিশের ফরমালিন পরীক্ষার কীট এর সক্ষমতা নিয়ে তোলা প্রশ্নের জবাব।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ফরমালিনবিরোধী ব্যাপক অভিযান চালায় পুলিশ। রাতে রাজধানীর প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে ফলবাহী গাড়ি আটকে পরীক্ষা করা হয়। ফরমালিনের অস্তিত্ব পেলে সেসব ফল ধ্বংস করা হয়।

পুলিশ যে কিট দিয়ে ফরমালিন সনাক্ত করছে, তার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিসিএসআইআর এর বিজ্ঞানীরা। পাশাপাশি ব্যবসায়ীরাও ‘হয়রানির’ অভিযোগ এনে বিক্ষোভ প্রকাশ করেন, আড়ত বন্ধ রাখেন।

পুলিশের অভিযানের পাশাপাশি ফরমালিনবিরোধী আইন পাশেরও উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে আইনের খসড়াটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বেনজির আহমেদ বলেন, যেদিন থেকে সংসদে ফরমালিনবিরোধী নতুন আইন পাশ হবে, সেদিন থেকেই ফরমালিন মজুতদার, বিক্রেতা ও অপব্যবহারকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিএমপি কমিশনার আরো বলেন, পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা, পরিবেশ আইনজীবীদের সংগঠন বেলাসহ সচেতন নাগরিকদের নিয়ে আমরা ফরমালিনবিরোধী আন্দোলনে নেমেছি। তারা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

কমিশনার বলেন, ফরমালিনের বিরুদ্ধে ডিএমপি কাজ করে যাচ্ছে। আমরা নাগরিকদের বিষমুক্ত খাবার খাওয়াতে চাই। এজন্য ফরমালিনবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন কমিশনার বেনজীর।

ফরমালিনের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত হতে হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘শুধু অভিযান পরিচালনা করলেই ফরমালিনের অপব্যবহার রোধ করা যাবে না। জনগণকে সচেতন হতে হবে এবং এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’

পরে কমিশনার গুলশান-২ এলাকায় ফরমালিনবিরোধী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তিনি ফরমালিনের অপকারিতা ও ক্ষতিকর দিক সম্পর্কে তাদের অবহিত করেন। এ সময় তিনি স্টিকার ও লিফলেটও বিতরণ করেন।

এসময় কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ উপস্থিত হয়ে ফরমালিন বিরোধী অভিযানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ফরমালিন বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকলে ফরমালিনের অপব্যহার রোধ করা সম্ভব হবে।’

ঢাকা, জেইউ, ০৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এসএইচ