৫ই জানুয়ারিকে কেন্দ্র করে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ১৪৪ ধারা জারি করেছেন স্থানীয় প্রশাসন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ১৪৪ ধারা ঘোষণা করেন স্থানীয় প্রশাসন।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন জানান, স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সোমবার সকালে সোনাইমুড়ী রেইল গেইট এলাকায় সভা, সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ডাক দেয়। উভয় দলের এ কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কায় ও জনগণের নিরাপত্তার স্বার্থে সোনাইমুড়ী বাজার এবং তার আশপাশের এলাকায় ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ধারা বহাল থাকবে।
সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল জানান, গত সপ্তাহে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত এক বর্ধিত সভায় সরকারের এক বছরপূর্তি উপলক্ষে সোমবার রেইল গেইট এলাকায় আমরা সভা সমাবেশের আয়োজন করি। কিন্তু হঠাৎ করে বিএনপি-জামায়াত আমাদের এ সমাবেশকে পণ্ড করতে সমাবেশের ডাক দেয়।
সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক জানান, গণতন্ত্র হত্যা দিবস ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৫দিন আগে আমরা রেইল গেইটে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু আমাদের এ সমাবেশকে পণ্ড করার জন্য আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এ সমাবেশের ডাক দেয়।
কেএইচ





