চট্টগ্রাম আদালতে মামলা প্রত্যাহার নিয়ে সমঝোতা না হওয়ায় বাদীর ভাইকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে আদালত ভবনের দুই তলায় এ ঘটনা ঘটে।
ছুরিকাহত মোহাম্মদ জুয়েল (৩০) নগরীর বার্মা কলোনির বাসিন্দা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দিন বলেন, “সকাল ১০টার দিকে আদালত ভবনের দোতলায় জুয়েলকে চার যুবক ছুরিঘাত করে পালিয়ে যায়। জুয়েল দৌড়ে তিন তলায় উঠে চতুর্থ মহানগর দায়রা জজ আদালতে আশ্রয় নেন।”
তিনি আরও বলেন, “জুয়েলের ভাই মোহাম্মদ সুমন একটি মামলার বাদী। ওই মামলার আসামি সামসুল, সবুজ, সাইফুল ও বেলুর সঙ্গে মামলাটি প্রত্যাহার করা নিয়ে সমঝোতা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় জুয়েলকে ছুরিঘাত করা হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
নগরীর বার্মা কলোনির বাসিন্দা মোহাম্মদ জুয়েল কয়েকটি মামলার আসামি। কয়েকদিন আগে তিনি একটি ছিনতাই মামলায় জামিন নিয়ে বের হয়েছে। যারা তাকে ছুরি মেরেছে তারও একই এলাকার বাসিন্দা।
এমবি





