জননী আমার তুমি পৃথিবী আমার, তোমার চরন ছোয়ে বন্ধনা গাই, হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কোলেতে মাগো পাই যেনো ঠাই, ও মা।
‘মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই।’ ত্রি-ভুবনের সবচেয়ে মধুরতম শব্দ ‘মা’। এই ছোট্ট নামেই সব মমতার মধু মাখা।
মা নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে হৃদয়ের অতল গহীনে যে আবেগ ও অনুভূতি রচিত হয়, তাতে অনাবিল সুখের আবেশ নেমে আসে।
প্রতিক্ষণ-প্রতিদিন নিজেকে বিলিয়ে দিয়ে সন্তানদের পৃথিবীতে চলার যোগ্য করে দেন যিনি, সেই নমস্য ‘মা’কে বছরে একটি দিন বিশেষভাবে মাতৃ ভক্তরা পালন করেন।
আজ বিশ্ব মা দিবস। মা দিবস মায়ের প্রতি শ্রদ্ধা-ভালবাসা প্রকাশ, মাতৃত্ব ও মাতৃত্বের বন্ধনকে সম্মান জানানো এবং সমাজে মায়েদের প্রভাবকে স্বীকার করে নেয়ার উদযাপন।
‘মা দিবসের’ প্রচলন শুরু হয় প্রথম প্রাচীন গ্রীসে। সেখানে প্রতি বসন্তকালে একটি দিন দেবতাদের মা ‘রিয়া’ যিনি ক্রোনাসের সহধর্মিণী তার উদ্দেশে উদযাপন করা হতো। ষোড়শ শতাব্দী থেকে এই দিনটি যুক্তরাজ্যেও উদযাপন করা হতো ‘মাদারিং সানডে’ হিসেবে।
অপর ইতিহাস হলো- সর্ব প্রথম ১৯১১ সালের মে মাসের দ্বিতীয় রবিবার আমেরিকাজুড়ে ‘মাদারিং সানডে’ নামে একটি বিশেষ দিন উদযাপন করা হয়। ১৯১৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। এরপর দেশে দেশে মা দিবসটি পালনের রেওয়াজ ছড়িয়ে পড়ে।
বিশ্বব্যাপী মে মাসের দ্বিতীয় রোববারে মা দিবস পালিত হলেও, প্রতিটি দেশের নিজস্ব ধর্ম ও সংস্কৃতি অনুযায়ী মায়ের প্রতি শ্রদ্ধা-ভালবাসা জানিয়ে একটি দিবস পালনের রীতি আছে। প্রাচীন ইতিহাস ঘাঁটলেও এমন দিন খুঁজে পাওয়া কঠিন হবে না।
মাকে মহান আল্লাহ তা’য়ালা স্বীয় রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সালামের পরে সর্বোচ্চ আসন দিয়েছেন। পবিত্র আল কোরআনে বলা হয়েছে, ‘তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কারও ইবাদত না করতে এবং মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে। তাঁদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাঁদের ‘উফ্’ বলবে না এবং তাঁদের ধমক দেবে না; তাঁদের সঙ্গে সম্মানসূচক কথা বলবে। মমতাবশে তাঁদের প্রতি নম্রতার ডানা প্রসারিত করো এবং বলো, ‘হে আমার প্রতিপালক! তাঁদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছেন।’ (সুরা ইসরা-বনি ইসরাইল, ২৩-২৪)। রাসুল (সা.) বলেছেন, ‘সন্তানের জান্নাত মায়ের পদতলে।’
এএস





