মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিববাহিনীর অধিনায়ক, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৭৭তম জন্মবার্ষিকী আজ।

১৯৩৯ সালে ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন  শেখ ফজলুল হক। তাঁর পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।

শেখ মনির জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিতে রয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৯ টায় বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মনির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ এবং ১০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল।

বঙ্গবন্ধুর নির্দেশে শেখ মনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যুব রাজনীতির সূচনা করেন। শেখ ফজলুল হক মনি ব্যক্তি জীবনে ২ পুত্র সন্তানের জনক ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী বেগম আরজু মণি শাহাদাত্ বরণ করেন। শেখ মনি ঢাকা নব কুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এরপর তিনি জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন ১৯৫৮ সালে। ১৯৬০ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।

শেখ ফজলুল হক মনি কেবল রাজনীতি নয়, সাহিত্য এবং সাংবাদিকতায়ও অবদান রাখেন। তাঁর ‘অবাঞ্ছিতা’ উপন্যাস পাঠক সমাদৃত। দৈনিক বাংলার বাণী, ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমস ও বিনোদন ম্যাগাজিন ‘সিনেমা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত মহান মুক্তিযুদ্ধে শেখ মনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।


এমএনজে