বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্মসচিব এ কে এম জাহাঙ্গীরকে অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মহিবুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, চাকরির ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করছে। সেহেতু সরকারি কর্মচারী আইন, ১৯৭৪ এর ৯(২) ধারায় সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। ‘তিনি অবসরকালীন সুবিধাদি পাবেন।’

গত ৪ ডিসেম্বর রাতে কয়েকটি টেলিভিশন ও অনলাইন সংবাদপত্রে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক চলার খবর প্রচারিত ও প্রকাশিত হয়, যাতে প্রশাসনের একদল কর্মকর্তাও রয়েছেন বলে জানানো হয়।

এরপর রাতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ওই খবর আদৌ সত্য নয়।

ওই সংবাদ প্রচার ও প্রকাশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করা হয় বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমানের সই করা ওই বিবৃতিতে।

তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক কয়েকজন আমলাকে ওই রাতে তার কার্যালয়ে দেখা যায়, যারা সবাই অবসরপ্রাপ্ত সরকরি কর্মকর্তা।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তিনটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করা হয়েছে। তালিকায় যাদের নাম এসেছে মন্ত্রণালয় তা যাচাই বাছাই করেছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএ