কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে বেলুন উড়িয়ে একক বইমেলার উদ্বোধন করেন অতিথিরা। ছবি: প্রথম আলোকিংবদন্তি লেখক কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। তাঁর ৬৮তম জন্মদিন উপলক্ষে আজ রোববার বিকেলে শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে হুমায়ূন আহমেদের সপ্তাহব্যাপী একক বইমেলা। হুমায়ূন আহমেদের প্রকাশকদের উদ্যোগে এই মেলার আয়োজন।
এক গুচ্ছ বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, হুমায়ূন আহমেদের ভাই কার্টুনিস্ট আহসান হাবীব এবং গণগ্রন্থাগারের মহাপরিচালক আশীষ কুমার সরকার। এ ছাড়া বক্তব্য দেন প্রকাশক আলমগীর রহমান, ‘হুমায়ূন আহমেদ রচনাবলী’র সম্পাদক ও লেখক সালেহ চৌধুরী।
মেহের আফরোজ শাওন বলেন, ‘তাঁকে নিয়ে এখন নানা আয়োজন হয়। জন্মদিন উপলক্ষে আয়োজিত একমাত্র এই বইমেলার আয়োজনটিই তিনি দেখে যেতে পেরেছেন। তাঁর ৬০তম জন্মদিনে প্রথম এই বইমেলা শুরু হয়েছিল।’
চ্যানেল আই প্রাঙ্গণে হিমু মেলার উদ্বোধনী বক্তব্য দেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।তা ছাড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘হুমায়ূন আহমেদ রচনাবলী’র নবম ও দশম খণ্ডের মোড়ক উন্মোচন ছাড়াও মেহের আফরোজ শাওন রচিত কাকলী প্রকাশনী থেকে প্রকাশিত ‘হুমায়ূন সংগীত: নদীর নামটি ময়ূরাক্ষী’ এবং ‘হুমায়ূন আহমেদের কথামালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এবারের মেলায় অংশ নিচ্ছে ১৭টি প্রকাশনা সংস্থা। অনন্যা, অন্যপ্রকাশ, অনুপম প্রকাশনী, অন্বেষা প্রকাশন, অবসর প্রকাশনা সংস্থা, আফসার ব্রাদার্স, কাকলী প্রকাশনী, জ্ঞানকোষ প্রকাশনী, তাম্রলিপি, পার্ল পাবলিকেশন্স, প্রতীক প্রকাশনা সংস্থা, প্রথমা, বাংলাপ্রকাশ, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, সাগর পাবলিশার্স এবং সুবর্ণ এ বইমেলায় অংশগ্রহণ করছে।
চ্যানেল আই চেতনা চত্বরে হিমু মেলা: চ্যানেল আই চেতনা চত্বরে অনুষ্ঠিত হলো ‘৫ম হিমু মেলা’। আজ বেলা আড়াইটায় হিমুপ্রেমীরা হলুদ পাঞ্জাবি পরে চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত থেকে হলুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
হিমু মেলায় গান করছেন এস আই টুটুলএ সময় উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য মেহের আফরোজ শাওন, কেরামত মাওলা, শিল্পী মো. খুরশীদ আলম, ফকির আলমগীর, সেলিম চৌধুরী, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম, প্রকাশক ফরিদ আহমেদ, মনিরুল হক, হিমু পরিবারের সদস্যসহ বিশিষ্টজন ব্যক্তিরা। এ সময় উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয় হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্রের গান ও নাটকের গান। গানগুলো গেয়েছেন মো. খুরশীদ আলম, সেলিম চৌধুরী, শাহনাজ বেলী, এস আই টুটুল, সেরাকণ্ঠ ও খুদে গানরাজের শিল্পীরা।
হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনার কুতুবপুরে, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। ২০১২ সালের ১৯ জুলাই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
জারিফ





