সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের গোডাউন কিপার সোহেল হোসেন জোর্য়াদ্দারসহ (চাকরিচ্যুত) ৪ আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার খুলনার দৌলতপুর এলাকা থেকে সোহেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া চট্টগ্রাম বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় থেকে বিভাগীয় প্রকৌশলী প্রবীর দাস, প্রধান সহকারী কাম ক্যাশিয়ার গিয়াস উদ্দিন ও অফিস সহকারী হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে সোনালী ব্যাংক দৌলতপুর করপোরেট শাখায় ঋণের বিপরীতে থাকা পাটের মধ্যে ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা মূল্যের পাট অন্যান্য আসামিদের সহযোগিতায় বিক্রি করে আত্মসাৎ করেন। দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোশাররফ হোসেন তাকে গ্রেপ্তার করেন।

অন্যদিকে পেনশন মঞ্জুরির ফাইল আটকিয়ে ২০ হাজার টাকা ঘুষসহ চট্টগ্রাম বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী প্রবীর দাস, প্রধান সহকারী কাম ক্যাশিয়ার গিয়াস উদ্দিন ও অফিস সহকারী হুমায়ুন কবিরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ অভিযোগে বুধবার মামলা দায়ের করা হয়েছে।

এমএনজে