রাজশাহীতে দুই জঙ্গিসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার পুঠিয়া ও বাগমারায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই জঙ্গি হলেন- পুঠিয়ার পশ্চিমভাগ এলাকার জসিম উদ্দিনের ছেলে আব্দুল ওয়াহাব (৩৫) ও বাগমারার যোগিপাড়া ইউনিয়নের শান্তপাড়া এলাকার জয়নাল আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। এছাড়াও বিশেষ অভিযানে রাতে পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চার শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বলছে, আব্দুল ওয়াহাব নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত সদস্য। আর আব্দুল কুদ্দুস নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) সক্রিয় সদস্য।

তারা দুজনেই ২০০৪ সালে বাংলা ভাইয়ের হাত ধরে জেএমবিতে যুক্ত হন। ওই সময় সংগঠনটির বিভিন্ন কর্মকাণ্ডেও অংশ নিয়েছিলেন তারা। তাদের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ড সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।

এর মধ্যে আগের একটি মামলায় আদালত জেএমবি সদস্য আব্দুল ওয়াহাবকে ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন। উচ্চ আদালতের জামিনে মুক্ত হয়ে আবারো জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

অন্যদিকে, বাগমারা থানায় দায়ের করা ২০০৫ সালের ২৪ জানুয়ারি পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেয়ার মামলায় ৬৪ জঙ্গির সঙ্গে আব্দুল কুদ্দুস গ্রেফতার হন। তিনিও জামিনে বেরিয়ে এসে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়েছেন। জঙ্গিবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

পুঠিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান, সোমবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করা হয়। সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলা দুপুরের পরে তাকে আদালতে নেয়ার কথা।

রাকিবুল হাসান আরো জানান, বিশেষ অভিযানে রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো চার শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুপুরের দিকে তাদেরও আদালতে নেয়া হবে।

অন্যদিকে, বাগমারা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়। তিনি জেএমবির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা, গুম ও নির্যাতনসহ নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় সকালে তাকে আদালতে নেয়া হয়েছে।

এমএনজে