টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই সদর উপজেলার চরাঞ্চলে চার বছরের কন্যা শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চৌধুরী এলাকায় রোববার বিকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে সোমবার টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনার পর শিশুটির বাবা মামলা দায়ের করার পর আসামি মনসুরকে গ্রেফতার করা হয়েছে।

এলাকাবাসী ও নির্যাতিত শিশুটির স্বজনরা জানান, স্থানীয় কৃষক আলী আকবরের ছেলে মনসুর পাশের বাড়ির চার বছরের শিশু মেয়েকে নদীরপাড়ে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। পরে মনসুর সেখান থেকে পালিয়ে যায়। চিৎকার শুনে মা গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। বর্তমানে নির্যাতনের শিকার শিশুটি অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।

কেএইচ