ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা ও মেঘনা নদীর পানি হ্রাস পাচ্ছে এবং পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা ও মেঘনা নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় ঢাকা শহর সংলগ্ন নদ-নদী বুড়িগঙ্গা, বালু তুরাগ ও টঙ্গিখালের পানি বৃদ্ধি পেতে পারে এবং আগামী ২৪ ঘণ্টায় মিরপুরে তুরাগ নদী বিপদসীমার অতিক্রম করতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় শরীয়তপুর, মাদারীপুর , মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টা পরে বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে।
রোববার সকাল ৬টার তথ্য অনুযায়ী নদ-নদীর ১৭টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৩৩টি স্থানে পানি বৃদ্ধি ও ৪৭টি স্থানে পানি হ্রাস পেয়েছে। একটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ২টি স্থানের তথ্য পাওয়া যায়নি। ১৭টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





