সিলেটে এক ব্যবসায়ীর সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার  রাত পৌনে ১০টার দিকে নগরীর নাইওরপুল ওসমানী জাদুঘরের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ে  আহত আদনান হোসেন নগরীর লালদীঘির পাড়ে অবস্থিত লাভলী হাউজের স্বত্বাধিকারী। তিনি ঐ সময় একটি সিএনজি অটোরিকশা যোগে বাসায় ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ৬টি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা আদনানকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা তার হাতে আঘাত করে সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত আদনানের ভাই ইফতেখার আহমদ হুরায়রা জানান, লালদিঘীর পাড়ের দোকান বন্ধ করে ৪ লাখ ৬২ হাজার টাকা নিয়ে তার ভাই রায়নগরের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ৬টি মোটরসাইকেলে ছিনতাইকারীরা এসে তার ভাইকে আহত করে টাকা নিয়ে পালিয়ে যায়।

সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম ছিনতাইয়ের সত্যতা স্বীকার করে বলেন, তাৎক্ষণিক ছিনতাইয়ে আক্রান্ত ব্যক্তিকে পাইনি। ঘটনাটি পরে জানতে পেরেছি।

জেডআই