রাজধানীর প্রবেশ দ্বার হিসেবে খ্যাত দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সাথে পাটুরিয়া-দৌলদিয়া রুটে আরো ৩টি নতুন ফেরি সংযোজিত হয়েছে।
শনিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি হিসেবে দৌলতদিয়া ফেরি ঘাটে রজনীগন্ধা, শাপলা-শালুক ও চন্দ্র মল্লিকা নামে তিনটি নতুন ফেরি উদ্বোধন করেন।
এ সময় গোয়লন্দের বাসস্ট্যান্ডের মাঠে এক সুধী সমাবেশে শাজাহান খান বলেন, পূর্বে ফেরিঘাটে ঈদে ঘরে ফেরা মানুষ ঈদের জামাত ফেরিতেই আদায় করতো। এখন আর সেদিন নেই। কারণ দেৌলতদিয়া ঘাটে নতুন ৩টিসহ ১৮টি ফেরি চলাচল করবে। ঈদে ফেরিঘাটে যানজট থাকবে না।
সমাবেশে সভাপত্বিত করেন বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, রাজবাড়ী উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম বিচআইডাব্লিউটিসির পরিচালক(কারিগরী) জ্ঞান রঞ্জন শীল প্রমুখ ।
২১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে সম্পূর্ণ দেশী অর্থায়নে এ ফেরী ৩টি নির্মিত হয়েছে। প্রতিটি ফেরিতে ৮ থেকে ১০টি ট্রাক বহন করতে সক্ষম।
শাজাহান খান বলেন, যাত্রী সেবা উন্নত করার লক্ষ্যে নতুন নতুন ফেরি নির্মাণ ও ফেরী রুট চালূ করার বিষয়টি অব্যাহত থাকবে। বিগত পঁাচ বছরে বর্তমান সরকার ১৭টি ফেরি নির্মাণ করেছে। আরো ফেরি নির্মাণের অপেক্ষায় রয়েছে।
শাজাহান খান বলেন, বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের বিরুদ্ধে ঈদের পর আন্দোলন করতে চান। তিনি কিসের আন্দোলন করবেন জানিনা। গণআন্দোলন এবং সন্ত্রাসী আন্দোলন যে এক নয় এ তফাৎ টুকু তিনি জানেন না। বেগম জিয়া ইতিহাস জানেনা। বিগত দিনে এদেশে যতগুলো আন্দোলন হয়েছে কোন আন্দোলনে মানুষ হত্যা এবং গাড়ি পোড়ানো হয়নি। বিগত দিনে কোন আন্দোলনেই রেল লাইন উপড়ে নাশকতা করা হয়নি।
তিনি বলেন, খুনের জন্য, মানুষ পুড়িয়ে হত্যার জন্য বেগম জিয়ার গণআদালতে বিচার হবে। বাংলার জনগণ তার বিচার করবে।
তিনি বেগম জিয়ার উদ্দেশে বলেন, পাকিস্তানী প্রীতি ও নাশকতা বাদ দিয়ে বাংলার মানুষকে ভাল বাসুন। সন্ত্রাসী ও জঙ্গিদের বয়কট করে আলোচনায় আসুন। তাতে আপনার এবং দেশের মানুষের মঙ্গল হবে।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





