নোয়াখালীতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ব্যবসা প্রতিষ্ঠানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে।

ধর্ষিতার মা তাহেরা বেগম বাদী হয়ে মঙ্গলাবার দুপুরে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ধর্ষক রাজু (২৪) অর্জুনতলা ইউপির ইদিলপুর গ্রামের নূর হোসেন ওরফে তবারকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিদ্যালয় থেকে টিফিনের সময় পার্শ্ববর্তী মার্কেটের রাজু টেইলারের কাছে জামা সেলাই করতে যায়। এ সময় রাজু ছাত্রীর জামার মাফ নেবে বলে সময় ক্ষেপণ করে দোকানে ভেতরে আটকে রেখে ধর্ষণ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে (ভিকটিম) ধর্ষিতা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মঙ্গলাবার দুপুরে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, এ ঘটনায় সেনবাগ থানায় মামলা হয়েছে। ভিকটিমকে পুলিশ উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে।

কেএইচ