করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হয়েছে। এদের একজন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা ও অপরজন ১৪ বছরের এক কিশোরী।
বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে মারা যান ওই বৃদ্ধা ও আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই কিশোরীর মৃত্যু হয়। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাদেরকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে বলে জানা গেছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, গত মঙ্গলবার করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই বৃদ্ধা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার তার করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। এরপর বুধবার দিবাগত মধ্যরাতে তিনি আইসোলেশন ওয়ার্ডেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, কিশোরী মেয়েটি জ্বর, শ্বাসকষ্ট ও ঠাণ্ডায় ভুগছিল। বুধবার রাতে সে এখানে ভর্তি হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন ছিল। আজ দুপুর সাড়ে ১১টা ৫৫ মিনিটে সে মারা যায়। করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, যেহেতু ওই বৃদ্ধার নমুনা আগেই নমুনা সংগ্রহ করা হয়েছিল তাই নতুন করে আর নমুনা সংগ্রহের প্রয়োজন নেই। আগে পাঠানো নমুনার রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
তিনি আরও জানান, মারা যাওয়া ওই বৃদ্ধার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকায়। এবং কিশোরীটির বাড়ি ফরিদগঞ্জের পশ্চিম লাড়ুয়া গ্রামে।
এমবি





