অফিসে এক নারী কর্মীর সাথে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হচ্ছে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের বিরুদ্ধে সব প্রক্রিয়া সম্পন্ন করে এনেছি। রোববার তাকে ওএসডি করে আদেশ জারি করা হবে। সেখানে (জামালপুর) নতুন একজন যোগ দেবেন।’
সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।
গত বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়।
যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ওই ঘটনায় জামালপুরসহ সারাদেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, ‘চাকরির বিধি অনুযায়ী অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে তার (ডিসি আহমেদ কবীর) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
জেড





