রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বরে পুলিশি বাধার সম্মুখীন হয়ে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ করছে।
এর আগে বিকেল ৩টার দিকে মঞ্চের কর্মী-সমর্থকরা পাকিস্তান হাইকমিশন ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়।
জানা যায়, ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের কর্মীরা একটি মিছিল নিয়ে পাকিস্তান হাইকমিশনের দিকে যেতে চাইলে গোলচত্বর এলাকার প্রবেশ মুখেই পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে তারা পিছে এসে গোলচত্বর মোড়ে বিক্ষোভ করছেন।
এর কিছুক্ষণ পরই বেলা সাড়ে ৩টার দিকে আরো একটি দল মিছিল নিয়ে সেখানে যোগ দিলে সবাই পুলিশের ব্যারিকেড ভেঙে পাকিস্তান হাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তাদের ঠেলে সেখান থেকে সরিয়ে দেয়।
গুলশান থানা পুলিশ থেকে জানা যায়, গুলশানের ওই গোলচত্বর থেকে সোহেল ও রিয়াজ নামের দুজনকে আটক করা হয়েছে।
এদিকে গণজাগরণ মঞ্চের ঘেরাও কর্মসূচি উপলক্ষে গুলশান ও আশেপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, পুলিশের রায়ট কার, এপিসি কারসহ সব ধরনের সরঞ্জাম প্রস্তুত রয়েছে।
যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
এসএইচ





