বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম থেকে হাতিয়া ও সন্দ্বীপ রুটে জাহাজ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় সোমবার সকাল থেকে চট্টগ্রাম থেকে দুই রুটে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিদিন সকাল ৯টায় চট্টগ্রাম থেকে হাতিয়া ও সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রীবাহী জাহাজ ছাড়লেও বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকালে ছাড়া হয়নি।
আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত জাহাজ না ছাড়ার এই নির্দেশ বলবৎ থাকবে বলে যাত্রীদের জানানো হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর ও নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
কেএইচ





