চট্টগ্রাম মেইলের হ্যাংগার ভেঙে যাওয়ায় বন্ধ থাকার ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কুমিল্লার গুণবতি ও হাসানপুর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে লোকোসেড ইনচার্জ কাজী মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম মেইল’ সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লার গুণবতি ও হাসানপুর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছলে ট্রেনটির পেছনের একটি বগির হ্যাংগার ভেঙে যায়।

ফলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সকাল ৮টায় লাকসাম রেলওয়ে জংশন থেকে টুলব্যান (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শেষ করলে সকাল সাড়ে ৯টায় পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।

এএইচ