রাজধানীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম মোঃ শাহেদ (২৮)।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে শ্যামপুরের ঢালকানগরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে মোঃ পাপ্পু (২৭) নামের স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, রাতে বাসা থেকে বের হয়েছিলেন শাহেদ। তার বাসার সামনে প্রতিবেশী এক যুবক শাহেদের কাছে এত রাতে বের হওয়ার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে শাহেদ ওই যুবককে চড় মারেন। কিছুক্ষণ পর আরেক প্রতিবেশী পাপ্পু ওই যুবক ও আরো কয়েকজনকে সাথে নিয়ে এসে শাহেদকে মারধর করেন।

এ সময় ছুরিকাঘাতে আহত হন শাহেদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এমআইএস