ভোলার লালমোহনে এক মোটরসাইকেল চালককে ইয়াবা বিক্রি করতে অস্বীকার করায় বিএনপি আখ্যা দিয়ে দুই মেয়ের সামনে উলঙ্গ করে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, উপজেলার ডাওরী বাজারে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা জসিমকে জনসম্মুখে নির্যাতন করা হচ্ছে। তবে নির্যাতনকারী ইয়াবা ব্যবসায়ী ও ডাকাত হাসানকে রবিবার (২৭ অক্টোবর) রাতে অভিযুক্ত কালমা ইউনিয়নের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভোলা জেলার লালমোহন উপজেলার ডাওরী বাজারে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহার আলী বাড়ির মৃত আব্দুল মুন্নাফের ছেলে মোটর শ্রমিক জসিমকে শত শত মানুষ ও তার দুটি শিশু কন্যা সন্তানের সামনে নির্যাতন করা হচ্ছে।

নির্যাতনকারী হাসান কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিস্ত্রী বাড়ির আবু ড্রাইভারের ছেলে। পেশায় মোটর শ্রমিক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল হাসান।

জসিম সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ডাওরী বাজারে জনসম্মুখে উলঙ্গ করে তার দুটি শিশু সন্তানের সামনে বিএনপি কর্মী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করে অভিযুক্ত হাসান।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মানবপাচার ও চুরির মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে বছর খানেক আগে হওয়া নির্যাতনের বিষয়ে এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে এ বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, বছর খানেক আগে জসিমকে বাজারে মারধর করে হাসান। তখন তার ভয়ে কেউ কিছু বলেনি, ভুক্তভোগী ব্যক্তি মামলাও করেননি।

রোববার আমরা তাকে অন্য মামলায় গ্রেফতার করলে একটি ভিডিও ভাইরাল হয়। এই বিষয়টিও এখন সামনে আসায় আমরা সেটা খতিয়ে দেখবো।

এএস