রাজধানীর হাজারীবাগে নদীর সীমানা পিলার বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
আজ (২২ জানুয়ারি) বুধবার সকাল ১০টা ৪২ মিনিটে হাজারীবাগ এলাকায় শিকদার মেডিক্যাল হাসপাতালের পেছনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জহুর শেখ ও তার ভাই সাইফুল শেখ এবং মঞ্জুরুল নামে আরেক শ্রমিক।
ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন জানান, আজ সকাল ১০টা ৪২ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করি। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) জাকির হোসাইন জানান, নিহত তিনজনের মধ্যে দুইজন আপন ভাই। জহুর শেখ ও তার ভাই সাইফুল শেখ এবং মঞ্জুরুল নামে আরেক শ্রমিক।
ওসি আরও জানান, শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনে নদীর সীমানা পিলার বসানোর জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় উপরে থাকা ১১ হাজার ভোল্ট তারের সঙ্গে ওই পিলারের স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এমবি





