সিলেট নগরীর আম্বরখানায় নিজ বাসা থেকে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরের ৪নং ওয়ার্ডের মজুমদারি কোনাপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- একই এলাকার কলিম উল্লাহর মেয়ে রানী বেগম (৩৩), তার বোন ফাতেমা বেগম (২৭)।
সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সকালে রানী ও ফাতেমার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা ঘটনাটি জানায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। তিনি বলেন, নিহত দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণী পর্যন্ত এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন। তাদের মধ্যে প্রায় সময় পারিবারিক কলহ, ঝগড়া হতো। সে কারণে আত্মহত্যা করেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই বোন আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এমবি





