নাটোরের বড়াইগ্রামে আরজিনা খাতুন (২৫) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার কায়েমকোলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরজিনা একই এলাকার আইয়ুব আলীর মেয়ে ও ফারুক হোসেনের স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার কায়েমকোলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে একই এলাকার আইয়ুব আলীর মেয়ে আরজিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের জন্য আরজিনাকে নিয়মিত নির্যাতন চালাতে থাকে।

তিনি জানান, এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ফারুক তার স্ত্রীকে পিটিয়ে আহত করেন। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে তাকে বনপাড়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরজিনার স্বামী ফারুক হোসেন ও শাশুড়ী রাহেলা বেগমকে আটক করে। আরজিনা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানায় তার বাবার পরিবার।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর