পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ এখনই রুখে দিতে না পারলে দেশ পাকিস্তান-আফগানিস্তানের মতো অকার্যকর হয়ে পড়বে। দেশে জঙ্গিবাদ উত্থানের পিছনে ইসরাইলসহ বিদেশের হাত রয়েছে।

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নবনির্মিত পাগলা থানা ভবন উদ্বোধনকালে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের বিশেষ সফলতা রয়েছে যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে। এই সমস্যা মোকাবেলায় পুলিশ-জনতা একসঙ্গে কাজ করতে হবে।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া ও জেলা প্রশাসক মো. খলিলুর রহমান প্রমুখ।


এমএনজে