পুলিশ সন্ত্রাস-চাঁদাবাজদের সঙ্গে আপোস করার পরামর্শ দিচ্ছেন জানিয়ে কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান বলেন, অন্যায়-অত্যাচার ও চাঁদাবাজীর বিরুদ্ধে জেলা পুলিশ সুপারকে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।
রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কাজী ফার্মস গ্রুফ আয়োজিত 'কাজী ফার্মস গ্রুপের পোলট্রি শিল্পে সন্ত্রাস ও চাঁদাবাজীর প্রতিবাদ' শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান তার লিখিত বক্তব্যে বলেন, 'সবচেয়ে দুঃখের ও লজ্জার ব্যাপার হচ্ছে সন্ত্রাসী-চাঁদাবাজীদের বিরুদ্ধে পুলিশ মামলা নিচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেও কোন ফল পাচ্ছি না। দেশের এত বড় পোল্ট্রি শিল্পকে কীভাবে বাঁচাবো।'
তিনি আরও বলেন, ‘ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার হাবিবপুর গ্রামে স্থাপিত কাজী হ্যাচারী লিমিটেড এবং একই জেলার সদর উপজেলার সালন্দার ফিড মিলে স্থানীয় কিছু সন্ত্রাসী ও চাঁদাবারেজর কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি।’
কাজী জাহিদুল হাসান অভিযোগ করে বলেন, ‘চাঁদা এবং নানা রকম অন্যায় সুযোগ সুবিধা না দেওয়ায় আমাদের প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়। এমনকি চালক, খামার ও শ্রমিকদের মারধর করছে প্রতিনিয়ত। কথায় কথায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। শুধু পেশাগত জীবন নয় তাদের পারিবারিক জীবন এখন সংকটের মধ্যে পড়েছে।’
রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি তাহের, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ভুট্টু মিয়া, আহমদ আলীসহ অনেকেই কাজী ফার্মসের কাছ থেকে প্রতিদিন ৩৫০টি ট্রাক থেকে প্রতি ট্রাকে ২০০ টাকা করে চাঁদা দাবি করছে বলেও অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, মাস দেড়েক আগে নামসর্বস্ব শ্রমিক সংগঠনের কর্মীদের কাজী ফার্মের বিরুদ্ধে মাঠে লেলিয়ে দেওয়া হয়েছে।যারা আন্দোলনের নামে সন্ত্রসী কর্মকান্ড চালাচ্ছে। এবং পছন্দমত শ্রমিক নিয়োগ, কাজ না করলেও কমিশন প্রদান ও অপছন্দের কর্মকর্তাদের ছাটাইয়ের দাবিও করছে তারা।
এ সময় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে কাজী জাহিদুল ইসলাম বলেন, ’পোলট্রি শিল্পে বিনেয়োগ নানা কারণে ঝুঁকিপূর্ণ, তার পরেও দেশের স্বার্থে কোটি কোটি টাকা বিনিয়োগ করছি আমরা। তাই এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী ফার্সের পরিচালক কাজী জাহিন, কাজী জিহান, দীপ্ত টেলিভিশনের বার্তা প্রধান নাজমুল আশরাফ, নিউজ এডিটর মাহামুদুল করিম চঞ্চল প্রমুখ।
এমএ/কেএইচ





